মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিনটি বাড়ির সামনে থেকে তিনটি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ নভেম্বর) সকালে প্রত্যেকের বাড়ির গেটের সামনে থেকে ককটেল সাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করা হয়।
ককটেল সাদৃশ্য বস্তুগুলো জয় বাংলা হাতে লেখা সাদা কাগজে মোড়ানো অবস্থায় ছিল। এ ঘটনার পর থেকে পুরো গ্রামজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, সকালে ঘুম থেকে উঠে বাইরে বের হওয়ার সময় তার বাড়ির গেটে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল সাদৃশ্য বস্তু দেখতে পান। তাতে হাতে লেখা জয় বাংলা একটি কাগজ মোড়ানো ছিল। পরে স্থানীয় লোকজন জড়ো হলে জানতে পারেন একই ধরনের বস্তু বুড়িপোতা ইউনিয়নের গোভীপুর গ্রামের চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আসাদুল হক খোকন ও ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়ির সামনেও একই ধরনের বস্তু রেখে গেছে কে বা কারা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেল সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গ্রামবাসী জানান, মঙ্গলবার গভীর রাত থেকেই এলাকাটিতে থেমে থেমে ককটেল বিস্ফোরণের মতো বিকট শব্দ শোনা যায়। সারারাত আতঙ্কে কাটানোর পর সকালে একসঙ্গে ৩টি বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে ।
মেহেরপুর সদর থানা ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, খবর পেয়ে ঘটনা স্থল থেকে পুলিশ ককটেল সদৃশ্য বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, এই ঘটনার সাথে যারা জড়িত আছে তাদের দ্রুত সনাক্ত করা ও আটক করার চেষ্টা করা হচ্ছে।