উৎসবমুখর পরিবেশে মেহেরপুরে অনলাইন নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহরের সরকারি শিশু পরিবারে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বর্ষপূর্তি পালন করা হয়।
এনপিবি নিউজের স্টাফ করেসপন্ডেন্ট আবু আক্তার করনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. ইকবাল হুসাইন ও সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি মাহাবুবুল হক পোলেন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও আনন্দ টিভির প্রতিনিধি মিজানুর রহমান এবং সিনিয়র সাংবাদিক মজনুর রহমান আকাশ।
বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে এনপিবি নিউজ পাঠকের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকতা ধরে রাখতে বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও মানসম্মত সংবাদ পরিবেশনের পাশাপাশি সরকারি-বেসরকারি সব পর্যায়ের অনিয়ম ও দুর্নীতির খবর তুলে ধরতে হবে। প্রতিযোগিতামূলক গণমাধ্যমের ভিড়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে এনপিবি নিউজ আরও এগিয়ে যাবে বলে তাঁরা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে মেহেরপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে বর্ষপূর্তির কেক কাটা হয়।