মেহেরপুরের গাংনীর বালিয়াঘাট মাঠের দুই কৃষকের ৬ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুবৃর্ত্তরা। এতে অন্ততঃ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ভুক্তভোগি দুই কৃষক।
শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনাটি ঘটে। পুলিশ বলছে-ভুক্তভোগিদের অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। আর কৃষি অফিস বলছে ক্ষতিগ্রস্থ কৃষকদেরকে সহযোগিতা করার চেষ্টা চলছে।
ভুক্তভোগি গাংনী উপজেলার বালিয়াঘাট গ্রামের মাঠে সাহজাহান আলী ও কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার পার গোয়াল গ্রামের রহিদুল ইসলাম লিজ নিয়ে ৬ বিঘা জমিতে কলা চাষ করেছিলেন। প্রতিটি গাছের কলা বেশ পুষ্ট হয়ে উঠেছে। আজ রোববার সকালে মাঠের অন্যান্য কৃষকরা কলাগাছ তছরুপের ঘটনা দেখতে পেয়ে তাদেরকে খবর দেয়। এতে অন্ততঃ ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেছেন ওই দুই কৃষক।
তারা আরো জানান, প্রতি বিঘা জমি ৩০ হাজার টাকা করে বর্গা নিয়েছেন। প্রতি বিঘা জমির কলা চাষে খরচ হয়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। শনিবার কয়েকজন ব্যবসায়ি কলা কিনতে এসেছিলেন কিন্তু দরদামে পড়তা না হওয়ায় কলা বিক্রি করা হয়নি। এরই মধ্যে এ ঘটনাটি ঘটিয়েছে দুবৃর্ত্তরা। তবে কারো সাথে কোন শত্রুতা নেই বলেও জানিয়েছেন এই দুই কৃষক।
গাংনী থানা পুলিশের এসআই তৌহিদ জানান, ঘটনাটি অবগত আছেন এবং ভুক্তভোগিরা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
গাংনী কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে উর্ধতন কর্মকর্তার কাছে প্রতিবেদন দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সে ব্যাপারে চেষ্টা করা হচ্ছে।