২০২৪ সালের ৫ আগস্টের পর সাধারণ মানুষ টেন্ডারবাজি, চাঁদাবাজি ও মামলা-বাণিজ্য থেকে মুক্তি চেয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এসব কর্মকাণ্ড বন্ধ হওয়ার পরিবর্তে নতুন করে শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দীন খান।
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার রাজপথে লগি-বৈঠার তাণ্ডব ও নৃশংসতার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের দাবিতে মেহেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মেহেরপুর আদালত চত্বরের সামনে আয়োজিত কর্মসূচিতে বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান।
বিগত সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ওই সময় বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালানো হয়েছে, মাসের পর মাস কারাগারে রাখা হয়েছে এবং ফাঁসির ঘটনাও ঘটেছে। অতীতের শাসকদের পরিণতি থেকে শিক্ষা নিয়ে কেউ যদি আবার একই পথে হাঁটে, তাহলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড়বাজারে গিয়ে শেষ হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।