নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০ টায় ‘স্বপ্ন গড়ার সাত দশক’ শীর্ষক কর্মসূচির শুরু হয়।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবন চত্বরে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো: সুলতান-উল-ইসলাম ও প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির সভাপতি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয় পতাকা এবং প্রাধ্যক্ষবৃন্দ নিজ নিজ হলের পতাকা উত্তোলন করেন। এরপর শান্তির প্রতীক সাদা পায়রা ও বেলুন-ফেস্টুন ওড়ানোর মধ্য দিয়ে ভারপ্রাপ্ত উপাচার্য প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন ঘোষণা করেন। এ সময় সেখানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অনুষদ অধিকর্তা, বিভাগীয় সভাপতি, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহা, ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডেসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন উদ্বোধন করে ভারপ্রাপ্ত উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাত দশক ধরে সমাজে ও বিশ্বে উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে গৌরবময় ভূমিকা পালন করে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাঁরা অবদান রেখেছেন তাঁদের কথা স্মরণ করে তিনি বলেন, উচ্চশিক্ষার বিস্তারে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোক্তাদের অবদান সদা স্মরণীয়। সাত দশকের এই বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থান থেকে আগামী দিনে আরও এগিয়ে নিতে সবাইকে নিবেদিত ভাবে কাজ করার জন্যও তিনি আহ্বান জানান।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. আবদুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপ-উপাচার্য (শিক্ষা) তাঁর বক্তব্যে বলেন, সাত দশক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশে জ্ঞানের বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীসহ সকলের উচিত হবে একে ধারণ ও লালন করা। বিশ্ববিদ্যালয়ের উন্নতিতে সকলকে আরও যত্নবান হতে আহ্বান জানান তিনি।
উদ্বোধনের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভারপ্রাপ্ত উপাচার্য ও উপ-উপাচার্য (শিক্ষা) সাবাস বাংলাদেশ চত্বরে গাছের চারাও রোপণ করেন।
দিবসটি উপলক্ষে বেলা ১১টায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের কনফারেন্স কক্ষে রাবির বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক সনৎকুমার সাহার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাত দশক: স্মৃতি সত্তা বর্তমান’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।