জৈব ও রাসায়নিক সারের সুষম ব্যবহার উৎসাহিতকরণে স্থাপিত বাঁধাকপি ও ফুলকপির ট্রায়াল প্লট পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়। আজ বৃহস্পতিবার সকালে গাংনী উপজেলার সাহারবাটি গ্রামের মাঠ পরিদর্শন করেন।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে ওই ট্রায়াল প্লট পরিদর্শনকালে বাঁধাকপি ও ফুলকপির বর্তমান অবস্থা, ফলন, রোগবালাই ও সার ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন জেলা প্রশাসক।
এসময় গাংনী উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন, উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় কৃষকগণ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক শিল্পী রানী রায় কৃষকদের উদ্দেশ্যে বলেন, শুধুমাত্র রাসায়নিক সারের উপর নির্ভর না করে জৈব সারের সাথে সুষম মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করলে মাটির স্বাস্থ্য ভালো থাকে, উৎপাদন খরচ কমে এবং নিরাপদ ফসল উৎপাদন করা সম্ভব হয়। এই ট্রায়াল প্লট দেখে অন্য কৃষকরাও উদ্বুদ্ধ হবেন বলে আশা প্রকাশ করেন তিনি।