ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জের ধরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাতা আব্দুর রহমান নিহত হয়েছে। আজ মঙ্গলবার (২০ অক্টোবর) ভোরে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার ক্বারী গোলাম রহমানের ছেলে। অন্যদিকে অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলাম ওই গ্রামের গাজী রহমানের ছেলে ।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন জামাই আব্দুর রহমান। বেশ কিছুদিন ধরে শ্বশুর ও জামাইয়ের মধ্যে মনোমালিন্য চলছিল। এর জের ধরে আজ ভোর রাতে শ্বশুর তরিকুল ইসলাম ক্ষিপ্ত হয়ে ধারালো কুড়াল দিয়ে আব্দুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই আব্দুর রহমানের মৃত্যু হয়।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে ঘটনাস্থলে এসে আব্দুর রহমানের মরদেহ দেখে প্রতিবেশিরা অভিযুক্ত তরিকুল ইসলামকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
মহেশপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘাতক শ্বশুরকে গ্রেফতারসহ হত্যায় ব্যবহৃত কুড়ালটি জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করা হয়েছে।