মেহেরপুরের গাংনীতে পাঁচ বোতল ফেন্সিডিলসহ জাহিদ (২০) ও তুহিন (৩৬) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (১০ জুন) সকাল সাড়ে নয়টার দিকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা ত্রিমোহনীর খাইরুল ইসলামের ছেলে জাহিদ এবং একই এলাকার মিরাজুল ইসলাম ওরফে মিরাজের ছেলে তুহিন।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কাজিপুর এলাকায় মাদক নিয়ে অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর ক্যাম্প ইনচার্জ এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেন্সিডিলসহ জাহিদ ও তুহিনকে আটক করে। এসময় মাদক বহনের কাজে ব্যবহৃত একটি মোটরসাকেল জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক মেহেরপুর আদালতে প্রেরণ করা হয়েছে।