মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলার কোমরপুব ও কাথুলী রোড এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২২ জুন) দুপুরে পরিচালিত অভিযানে ৩ প্রতিষ্ঠানের কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযান সূত্রে জানায়, অভিযানে সার, বীজ ও কীটনাশক প্রভৃতি তদারকি করা হয়। লাইসেন্স নবায়ন না করে ব্যবসা পরিচালনা। পণ্যের উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিহীন পণ্য বিক্রয় করার কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে মুজিবনগর উপজেলার কোমরপুর বাজারের মেসার্স হাশেম বীজ ভান্ডারকে তিন হাজার টাকা, জে আর পাইপ এন্ড ইন্জিয়ারিং হাউসকে পাঁচ হাজার টাকা, সদর উপজেলার কাথুলী সড়কের বটতলায় মা ট্রেডার্সকে ৩০ হাজার টাকাসহ সর্বমোট ৩৮ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। এ সময় আরও কয়েকটি প্রতিষ্ঠানকে ক্রয়-বিক্রয় ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয় করা জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ক্রয়-বিক্রয় করা হতে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা প্রত্যয়ন অফিস ও সদর উপজেলা কৃষি অফিস এবং জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।