হাওয়া ভবনে ময়ুর সিংহাসন ফিরে পেতেই বিএনপি আন্দোলন বলে মন্তব্য করেছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেন, তত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে। বিএনপিকে রাজপথে দেখার ঘোষণা দিয়ে বলেন খেলা হবে।
রোববার (১৩ নভেম্বর) দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে হাজির হয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেলা ১১ টার দিকে জাতীয় সংগীতের সাথে পতাকা উত্তোলনের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই এর সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি. এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্না, স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট শফিকুল আজম খান চঞ্চল, আনোয়ারুল আজীম আনার, তাহজীব আলম সিদ্দিকী সমি। সমাবেশ পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
সম্মেলনের ২য় পর্বের শুরুতে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে আব্দুল হাই এবং সাইদুল করিম মিন্টুকে সাধারণ সম্পাদক হিসেবে নাম ঘোষাণা করা হয়।