চলন্ত মোটরসাইকেলে বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে চলতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জিসান (১৪) ও সামিউল ইসলাম বিজয় (১৫) নামের দুই স্কুল ছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুন) বিকেল তিনটা দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে মেহেরপুর সদর উপজেলার নতুন দরবেশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছে জিসানের সঙ্গে থাকা তার আরও দুই বন্ধু।
নিহত জিসান মেহেরপুর শহরের মল্লিকপাড়ার আশরাফুল ইসলামের ছেলে এবং মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। নিহত সামিউল ইসলাম বিজয় মেহেরপুর শহরের কোর্টপাড়ার মৃত জিয়াউর রহমানের ছেলে।
আহতরা হচ্ছে- মেহেরপুর শহরের বোসপাড়ার সাদাত (১৩) ও কাসারিপাড়ার সিয়াম (১৩)।
স্থানীয় বারাদী পুলিশ ক্যাম্পের এএসআই হাফিজুর রহমান জানান, জিসান ও তার কয়েক বন্ধু তিনটি মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে ঘুরে মেহেরপুর শহরের দিকে আসছিল। চলন্ত মোটরসাইকেলেই তাদের আড্ডা চলছিল। নতুন দরবেশপুর নামক স্থানে পৌঁছানের পর সামনে থেকে আসা একটি মোটর সাইকেলের সাথে জিসানের মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এসময় পেছন থেকে বন্ধুদের দুটি মোটরসাইকেল জিসানের মোটর সাইকেলর পেছনে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার কালভার্টের সাথে ধাক্কা লেগে রক্তাত্ব জখম হয় জিসানসহ তার তিন বন্ধু। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা মুমূর্ষ অবস্থায় তাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে বিকেল সোয়া চারটার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউলের মৃত্যু হয়।
দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার শোভন মল্লিক জানান, ভর্তি থাকা দুই ছাত্রের অবস্থাও আশংকাজনক। তাদেরকে ঢাকায় রেফারের প্রক্রিয়া চলছে।
এদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত তিনটি মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এএসআই হাফিজুর রহমান।