মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামে একটি বাড়ির ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে পিরোজপুর বাজার পাড়ার নইমুদ্দিনের ছেলে মোঃ মিঠুনের একতলা বসতবাড়ীর ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু দুটি উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ ও গাংনী র্যাব সিপিসি-১২ এর একটি দল।
বোমা উদ্ধারের ঘটনায় দিনভর উত্তেজনা বিরাজ করলেও সেগুলো পরিক্ষা নিরিক্ষার পর জানা গেছে বোমা দুটি নকল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পেয়ে পিরোজপুর পুলিশ ক্যাম্পের সদস্যগণ ঘটনাস্থলে এসে বাড়ির দরজা খুলতে বললে বাড়ির সদস্যগণ গেইট খুলে দেয়। এরপর বাড়ির ছাদে গেলে একটি সিমেন্টের ব্যাগে লালটেপ প্যাচানো অবস্থায় ২টি বোমাসদৃশ কৌটা ও পত্রিকার কাগজে মোড়ানো অবস্থায় ১টি অজ্ঞাত বস্তু দেখতে পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করলে র্যাবের একটি বিশেষ দল এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে আসার জন্য জানানো হয়েছে।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, উদ্ধারকৃত বস্তুু দুটি বোমা কি না নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাংনী র্যাব সিপিসি-১২ ক্যাম্পের কমান্ডার সরকারি পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, আমাদের টিম ঘটনাস্থল পরিদর্শন করে এসেছে। বোমাটি সেখানেই পুলিশ ঘিরে রেখেছে। যশোর থেকে বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা আসছেন। এরপর বিস্তারিত বলা যাবে।
পরে সন্ধ্যায় বোমা ডিসপোজাল ইউনিটের টিম এসে উদ্ধারকৃত বোমা সদৃশ্য বস্তু গুলি পরিক্ষা নিরিক্ষা করার পর সেগুলো নকল বোমা বলে জানিয়েছেন ।