মেহেরপুরে বাংলাদেশ স্কাউটস এর প্রতিষ্ঠাতা স্যার ব্যাডেল পাওয়েল বা বিপি দিবস পালিত হয়েছে। জেলা রোভার স্কাউটসের আয়োজনে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা রোভার স্কাউটসের সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে ও জেলা রোভারের সম্পাদক ফররুখ আহমদ উজ্জ্বলের সঞ্চালনায় অনুষ্ঠানে রোভার আল মজিদের কোরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ও জেলা রোভার স্কাউটসের কমিশনার প্রফেসর রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মোঃ ইয়ামিন আলী, জেলা রোভার এর ডিআরএস এল আনোয়ার হোসেন, জেলা রোভার এর কোষাধ্যক্ষ এস এম রফিকুল আলম বকুল, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, সরকারী মহিলা কলেজের মোঃ ইকরামুল হাসান। এছাড়াও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের মনোয়ারুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আরএসএলগণ ও রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর রফিকুল ইসলাম ব্যাডেল পাওয়েলের কর্মময় জীবন, রোভার স্কাউটসের ইতিহাস ও তার স্কাউটস কর্মের উপর আলোচনা করেন। তিনি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে ব্যাডেল পাওয়েলের জীবনি থেকে শিক্ষা নিয়ে উজ্জীবিত হয়ে রোভার স্কাউটসের সম্প্রসারণ ও কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণের আহবান জানান।