মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বানিজ্য মেলা বন্ধ ও ব্যবসায়ীদের লাঞ্ছনার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে বড় বাজারের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বড় বাজার ব্যবসায়ী সমিতি গতকাল শনিবার দুপুর থেকে আজ রবিবার পর্যন্ত এ কর্মসূচি পালন করছে।
মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপু জানান, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে বানিজ্য মেলার আয়োজন করছে একটি পক্ষ। বিষয়টি ব্যবসায়ীদের সাথে আলোচনা না করায় গতকাল দুপুরে ব্যবসায়ী সমিতির একজন প্রতিনিধি স্কুল মাঠে গিয়ে মেলার বিষয়ে জানার চেষ্টা করেন। এসময় দূর্বৃত্তরা তাকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এর প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে সড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নিয়ে আলোচনা হয়। কিন্তু আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ধর্মঘট অব্যহত রয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যহত থাকবে বলেও জানান তিনি।