প্রতি বছরের ন্যায় এ বছরেও মেহেরপুরে পালন করা হয়েছে শোকাবহ রোভার দিবস। বুধবার (২৩ অক্টোবর) মেহেরপুরসহ সারা বাংলাদেশের রোভার স্কাউট সদস্যদের কাছে একটি শোকাবহ দিন।
জেলা রোভারের পক্ষ থেকে এই দিবসে বিভিন্ন কর্মসুচী পালন করা হয়েছে। সকাল ৭ টায় পৌর কবরস্থানে শহীদ পরিবারের সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। সকাল সাড়ে সাত টায় কবি নজরুল শিক্ষা মঞ্জিল প্রাঙ্গনে অবস্থিত শহীদ রোভারদের স্বরণে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এছাড়া বাদ আসর সরকারী কলেজ জামে মসজিদে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসুচীতে উপস্থিত ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি নুরুল আহমেদ, সম্পাদক ফররুখ আহমেদ, কোষাধ্যক্ষ এসএম রফিকুল আলম বকুল, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, সহকারী কমিশনার জাহির হোসেন চঞ্চল, গাংনী সরকারী ডিগ্রী কলেজের ইউনিট লিডার আসাদুজ্জামান, সেই সময়ের গুরুতর আহত রোভার ফারুক হোসেন, খুলনা বিভাগীয় রোভার মেট প্রতিনিধি অনিক ইসলাম, শহীদ রোভার মনিরুলের পিতা শহিদুল ইসলাম, শহীদ রোভার মাসুমের ভগ্নিপতি লিটন, শহীদ রোভার জাভেদ ওসমানের ভাই রাশেদ ওসমানসহ শহীদ পরিবারের সদস্য ও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের রোভাররা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ১৯৯৭ সালের ২৩ শে অক্টোবর ৯ম এশিয়া প্যাসিফিক ও ৭ম বাংলাদেশ রোভার মুট সিলেটের লাক্কাতুরা চা বাগানে অংশগ্রহন করতে যাওয়ার পথে ভোরে রোভারদের বহনকারী গাড়িটি ধামরাই এর জয়পুর নামক স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পাঁচজন রোভার মৃত্যুর কোলে ঢলে পড়েন।