ঈদ উল্লাসে মেহেরপুরে সুবিধাবঞ্চিত শিশু ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে “মেহেরপুর ভাবনা” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র পাঁচ টাকার বিনিময় শিশুদের হাতে তুলে দেওয়া হয় পছন্দের পোশাক ও খাদ্যসামগ্রী।
দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা মেহেরপুরের শিক্ষক এবং শিক্ষার্থীদের নিয়ে এই সংগঠনের যাত্রা শুরু। সংগঠনটি সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কাজ করে আসছে। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে এক শত পথ শিশু ও ৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তানভীর আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম, বিশেষ অতিথি খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক এহসান মজিদ মুস্তাফা, মেহেরপুর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. তারিক আহমেদ।
মাত্র পাঁচ টাকার বিনিময়ে নতুন পোশাক পেয়ে খুশি সুবিধাবঞ্চিত শিশুরা। শুধু পোশাকই নয়, তাদের হাত রাঙ্গিয়ে দেওয়া হয় মেহেদির রঙে। ছিল শিশুদের জন্য নানা ধরনের প্রতিযোগিতার আয়োজন।