বজ্রাঘাতে মেহেরপুরের সদর উপজেলার দফরপুর গ্রামের রাফিজ হোসেন (২৩) এবং সোনাপুর গ্রামের আব্দুর রশিদ (৩৪) নামের দুজনের মৃত্যু হয়েছে।
আহত হয়েছেন সোনাপুর গ্রামের আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তি। আজ শুক্রবার সন্ধ্যায় তারা বজ্রপাতের কবলে পড়ে।
স্থানীয় সুত্রে জানা গেছে, গেল কয়েকদিন ধরে মেহেরপুর জেলায় বজ্রসহ মাঝারি ঝড় বৃষ্টি অব্যহত রয়েছে। শুক্রবার সন্ধ্যায় আবারও বজ্রবৃষ্টি শুরু হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সময় দফরপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে রাফিজ হোসেন বাড়ির পার্শ্ববর্তী মাঠে ঘাস কাটছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় সোনপুর গ্রামের আব্দুর রশিদ ও আব্দুল মান্নান বাড়ির পাশে বিচুলি (গো খাদ্য) সংরক্ষণের কাজ করছিলেন। বজ্রপাতে আব্দুর রশিদের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মান্নানকে উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)আমানুল্লাহ আল বারী।