নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরাইল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ শুক্রবার বাদ জুম্মা মেহেরপুরের গাংনীতে নাগরিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। জুম্মার নামাজের শেষে গাংনীর শহীদ রেজাউল চত্বরে মানব বন্ধন করা হয়। গাংনী বাজার মসজিদের ঈমাম রুহুল আমীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, হাজী মহসিন আলী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মাহাবুব আলম, সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান শিপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলাসহ বিভিন্ন মসজিদের ঈমামগণ। অনুষ্ঠান পরিচালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু। এ সময় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগানে দেওয়া হয়। বক্তারা ইজরাইলি পণ্য বর্জনের আহ্বান জানান। পরে সেখানে ফিলিস্তিনে নিহত শহীদদের আত্মার মাগফেরাতে দোয়া পরিচালনা করা হয়। কর্মসূচিতে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ অংশগ্রহণ করে।