কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মধুগাড়ী গ্রামের একটি বাঁশঝাড় থেকে সিয়াম (১৭) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল আনুমানিক আটটার সময় সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি বাঁশবাগানের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সিয়াম মধুগাড়ী গ্রামের স্থানীয় মুরগি ব্যবসায়ী ও এলাকার মসজিদের মোয়াজ্জেম শিপুল আলীর ছেলে। সিয়াম গোয়ালগ্রাম কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে স্থানীয় কিছু কৃষক ফসলের মাঠে যাওয়ার সময় বাঁশবাগানের মধ্যে উপুড় হয়ে সিয়ামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি দৌলতপুর থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় মৃত সিয়ামের বাবা শিপুল আলী বলেন, সোমবার বিকাল ৫ টার দিকে সিয়াম বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়িতে ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছিল।
দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সেহালা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের একটি বাঁশবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মরদেহের ময়নাতদন্তের কাজ সম্পন্ন হয়েছে প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।