ঝিনাইদহের শৈলকুপায় সঞ্জিত জোয়ার্দার (৫৪) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে শৈলকুপা উপজেলার আগুনিয়াপাড়া গ্রামের একটি বাঁশবাগান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।
সঞ্জিত জোয়ার্দার ওই গ্রামের হেমন্ত জোয়ার্দারের ছেলে। তিনি পেশায় কৃষক। সঞ্জিতের পরিবারের লোকজন ধারণা করছেন, সঞ্জিতকে হত্যা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, সোমবার সন্ধ্যায় বাজারে যাওয়ার কথা বলে সঞ্জিত বাড়ি থেকে বের হন। তবে এরপর অনেক সময় পেরিয়ে গেলেও সঞ্জিত বাড়ি ফিরছিলেন না। পরে পরিবারের লোকজন তাঁকে বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করতে থাকেন। রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি বাঁশবাগানের পাশে সঞ্জিতের মরদেহ পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
শৈলকুপা উপজেলার তমালতলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ারুল আজিম বলেন, প্রাথমিকভাবে নিহত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে বলতে পারেননি তিনি। তবে নিহত ব্যক্তির পরিবারের লোকজন ধারণা করছেন, সঞ্জিতকে হত্যা করা হয়েছে। এ জন্য নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।