চুয়াডাঙ্গা বিজিবি হাসপাতালের সামনে বাসের ধাক্কায় মাহফুজ (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো ৩ জন। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে এ দূঘর্টনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার হাজরাহাটি গ্রামের ইউসুফের ছেলে মাহফুজ মোটরসাইকেল যোগে ডিঙ্গেদহ বাজারে যাচ্ছিল। অপরদিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা খান পরিবহন নামের একটি যাত্রীবাহি বেপরোয়া গতিতে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে চালকসহ মোটরসাইকেলেটি বাসের নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাহফুজ নিহত হয়। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি বিজিবি হাসপাতালের প্রাচীর ভেঙ্গে ভিতরে ঢুকে পড়ে। এবং মোটরসাইকেল থাকা অপর আরোহী তুহিনসহ ৩ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে প্রথমে বিজিবি হাসপাতালের নেওয়া হয়। পরে তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দূর্ঘটনার পরই বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। সুরতহাল রিপোর্ট করা হয়েছে। বাসের চালক ও হেলপারকে আটক করতে পুলিশ কাজ করছে।