গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে গুলিবিদ্ধ হয়ে নিহত তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। শহরের পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজী এবং টুঙ্গিপাড়ার কবরস্থান থেকে সোহেল রানা মোল্লার লাশ তোলা হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরের দিকে এ খবর পাওয়া গেছে।
আজ সোমবার (২১ জুলাই) সকাল ১০টায় মামলার তদন্তকারী কর্মকর্তারা মরদেহ উত্তোলনের আবেদন করলে আদালত এ আদেশ দেয়। সে আদেশের ভিত্তিতেই লাশগুলো তোলা হয়।
গোপালগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তারা আজ আদালতে নিহতদের সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের জন্য মরদেহ উত্তোলনের আবেদন করেন। পরবর্তীতে বিজ্ঞ আদালত একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে নিহত রমজান কাজী, ইমন তালুকদার ও সোহেল রানার মরদেহ কবর থেকে উত্তোলন করে সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্তের নির্দেশ দেন। আমরা গোপালগঞ্জ পৌর কবরস্থানে গিয়ে নিহত রমজানের মরদেহ আগে উত্তোলন করব।’
এর আগে শনিবার রাতে সদর থানার ৪ উপ-পরিদর্শক (এসআই) বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় চারটি হত্যা মামলা দায়ের করেন। তিনটি মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ জনকে ও একটি মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০০ জনকে।
গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আইয়ুব হোসেন বাদী হয়ে রমজান কাজী নিহতের ঘটনায় মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয়েছে ৮০০ থেকে ৯০৯ জনকে।