মেহেরপুরের গাংনীর পাকুড়িয়া পেকির বিলে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ। এতে মাছ চাষে বড় ধাক্কা খেয়ে পথে বসার উপক্রম মৎস্য চাষী খাজা উদ্দীনের। বৃহস্পতিবার রাতে যখন মাছ মরা শুরু হয় তখন বিষয়টি নজরে আসে।
অভিযোগে জানা গেছে, মেহেরপুর সদর উপজেলার হিজুলি গ্রামের মৎস্য চাষী খাজা উদ্দীন গাংনী উপজেলার পাকুড়িয়া পেকির বিলের বেশ কয়েকটি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে পুকুর পাহারাদার দেখতে পান একটি পুকুরে বিভিন্ন প্রজাতি মাছ ভেসে উঠছে। তখনই খবর দেওয়া হয় মৎস্য চাষী খাজা উদ্দীনকে। শুক্রবার ভোরের দিকে খাজা উদ্দীন পুকুর থেকে মরা মাছের নমুনা সংগ্রহ করেন। প্রতিকারের জন্য অভিজ্ঞ মৎস্য চাষীদের দ্বারস্থ হন তিনি। নমুনা দেখে প্রায় সকলেই ধারনা করছেন যে পুকুরে দানা জাতীয় বিষ প্রয়োগ করা হয়েছে মাছ মেরে ফেলার জন্য।
খাজা উদ্দীনের অভিযোগ, পাকুড়িয়া গ্রামের কয়েকজন লোক কারেন্ট জাল দিয়ে তার পুকুরে মাছ ধরছিল। তাদেরকে বাধা দেওয়া হয়। পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনায় তাদের দিকেই অভিযোগের আঙ্গুল তুলেছেন খাজা উদ্দীন। তবে অভিযোগ অস্বীকার করেছেন নুহু মিয়াসহ কয়েকজন।