মেহেরপুরের গাংনী উপজেলার ৬ নম্বর ষোলটাকা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষোলটাকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জজামান মনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আজ শুক্রবার দুপুরে জুগিরগোফা মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের ৯টি ওয়ার্ড কমিটির সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন। বক্তব্য রাখেন সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলাম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ, আব্দুল আওয়াল, আফাজ উদ্দীন কালু, গাংনী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা। এছাড়াও জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলীসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুবদলের সহসভাপতি আব্দাল হক।
সম্মেলনে ষোলটাকা ইউনিয়নের ৯ টি ওয়ার্ড কমিটির মোট ৪শ ৫৯ ভোটরের মধ্যে ৩৮০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গ্রহন শেষে সভাপতি পদে কামরুল ইসলাম (আনারস) প্রতীকে ২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শহিদুল ইসলাম (ছাতা) প্রতীকে ১৫৮ ভোট পেয়েছেন।