মেহেরপুরের গাংনীর উত্তরপাড়ায় অভিযান চালিয়ে সুদ কারবারী আবু হানিফ (৪০) ও আনারুল ইসলামকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। সুদ কারবারের কাজে ব্যবহৃত তিন শতাধিক ব্লাঙ্ক চেক, দেড় শতাধিক সাদা স্ট্যাম্প, ৫টি মোটর সাইকেল ও ১৩ টি রেজষ্টার জব্দ করেছে পুলিশ। এসব জিম্মা রেখে অবৈধভাবে সুদ কারবারের মাধ্যমে হাজারো মানুষকে পথে বসিয়েছে এসব সুদ কারবারীরা। এমন একটি অভিযোগে শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। আবু হানিফ গাংনী উত্তরপাড়ার ছমিরদ্দীনের ছেলে ও আনারুল ইসলাম একই এলাকার ইউনুস আলীর ছেলে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিপদে পড়া মানুষ তাদের কাছ থেকে চড়া সুদে টাকা নিয়ে সুদের জালে আটকে যায়। টাকা নেওয়ার সময় ব্লাঙ্ক চেক ও সাদা স্ট্যাম্পে সাক্ষর করে নেওয়া হয়। টাকা দেওয়ার পর থেকে সুদ ব্যবসায়ীদের জুলুমের শিকার হন অনেকে। চড়া সুদের অর্থ আদায় করতে অনেকের নামে চেক ডিজঅনার মামলা করে ফাঁসিয়েছে গ্রেফতার সুদ কারবারীরা। কুখ্যাত সুদ কারবারী হানিফের বাড়ি থেকে তিন শতাধিক ব্লাঙ্ক চেক, দেড় শতাধিক সাদা স্ট্যাম্প, ৫টি মোটর সাইকেল, চেক ডিজওনার মামলার কাগজপত্র সাতটি ও ১৩ টি রেজষ্টার জব্দ করেছে পুলিশ। এমন ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের পুর্বক আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।