মেহেরপুরের গাংনীতে ৯ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম। মঙ্গলবার (১৬ জুলাই) ভোরে গাংনীর জোড়পুকুরিয়া-ষোলটাকা সড়ক থেকে তাদেরকে আটক করা হয়। এসময় জব্দ করা হয় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি ১২৫ সিসির টিভিএস স্ট্রাইকার মোটরসাইকেল।
আটককৃতরা হচ্ছে- কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাহিরমাঝি গ্রামের মান্নান সরদারের ছেলে রবিউল ইসলাম ও একই গ্রামের আজিজুল সরদারের ছেলে সজীব সরদার। এদের বিরুদ্ধে মাদক মামলাসহ গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান, আটক রবিউল ও সজীব সরদার চিহ্নিত মাদক পাচারকারী। গত সোমবার দিবাগত রাতে এরা সিমান্ত এলাকা থেকে মাদক পাচার করছে মর্মে সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টীম তাদেরকে অনুস্বরণ করে। এরা বিভিন্ন সময়ে তাদের অবস্থান পরিবর্তন করে। মঙ্গলবার সকালে তাদের গতিপথ নিশ্চিত হয়ে জোড়পুকুর ও ষোলটাকা রাস্তায় অবস্থান নেওয়া হয়।
ভোর সাড়ে পাঁচটার দিকে মাদক পাচারকারীরা মোটরসাইকেল যোগে যাবার পথে তাদের গতিরোধ করা হয়। এ সময় তাদের হেফাজতে থাকা একটি প্লাস্টিক ব্যাগে ৯ কেজি গাঁজা পাওয়া গেলে তাদেরকে আটক করা হয় ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।