মেহেরপুরের গাংনীতে সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় জমির যৌথ সার ব্যবহারকারী কৃষক-উদ্যোক্তা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে ৪ টায় উপজেলার ষোলটাকা গ্রামের মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত সভায় কৃষি অফিসার ইমরান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিজয় কৃষ্ণ হালদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি প্রকৌশলী কৃষিবিদ সুবল চন্দ্র মন্ডল। গাংনী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুর রউফ। এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা সুলতান নাজিম উদ্দিন আহমেদ ও মতিউর রহমান ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে সমলয় পদ্ধতিতে ১৫০ দীঘা জমিতে ব্রি ধান ৭৪ হাইব্রিড এস এল ৮ এইচ জাতের ধান উৎপাদনের উদ্যোগ নিয়েছে। এ প্রকল্পের মাধ্যমে চাষাবাদের যাবতীয় খরচ বহন করবে সরকার। কৃষক শুধু ক্ষেতে পানি ও পরিচর্যা করবেন।
এ প্রকল্প থেকে আধুনিক চাষাবাদের ধারণা পাওয়া যাবে এবং প্রযুক্তি ব্যবহার করে কম খরচে বেশি ফলন ফলানো যাবে।
বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে; যার একটি হচ্ছে সমবায়ভিত্তিক সমলয় চাষাবাদ পদ্ধতি। যেখানে একটি মাঠে বা মাঠের একটি অংশের কৃষক সবাই মিলে একসঙ্গে একই জাতের ধান একই সময়ে যন্ত্রের মাধ্যমে রোপণ করবেন। এ পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধান কাটা সকল প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে সমসময়ে সম্পাদন করা হবে।