মেহেরপুরের গাংনীতে দুটি বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নের রামনগর পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, একই এলাকার রামনগর পশ্চিম পাড়ার মো জিনারুল ইসলাম, সেন্টু মিয়া, আরিফুল ইসলাম, জিহাদ আলী, আবু হুরাই, আলিফ হোসেন, মহির উদ্দিন একই এলাকার হেলাল উদ্দিনের স্ত্রী মেহেরনিগা, মুন্নাতের স্ত্রী হামিদা খাতুনসহ আরো দুই জন।
স্থানীয় ইউপি সদস্য আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ প্রায় বারো জনকে কুকুরে কামড় দিয়েছে। গত সপ্তাহতেও তিনজনকে কামড় দিয়েছে। দুটি কুকুর এক সাথে লোকজনের উপর ঝাপিয়ে পড়েছিল। একপর্যায়ে এলাকায় আতঙ্ক বিরাজ করে। স্থানীয়রা পরে একত্রিত হয়ে কুকুর দুটিকে পিটিয়ে মেরে ফেলেছে। আহতরা বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিয়েছেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মাসুদুর রহমান জানান, কুকুরে কামড়ানোর খবর পেয়ে হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসককে অবগত করা হয়েছিলো। এবং হাসপাতালে কুকুরে কামড়ানো রোগীর জন্য ভ্যাক্সিন মজুদ রয়েছে রোগী আসলে যেনো চিকিৎসা নিশ্চিত করা হয়। তবে সন্ধ্যা পর্যন্ত কোন রোগী হাসপাতালে আসেনি। তিনি আরো জানান গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের পর্যাপ্ত ভ্যাক্সিন মজুদ রয়েছে। কুকুরে কামড় দিলে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে চিকিৎসা গ্রহন করতে হবে।