মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালিন সময়ে জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হক (২৭) ও ছাত্রদল কর্মী নাঈমকে (১৮) আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৬ জুন) বিকেলে গাংনী শহরের কাথুলীমোড় থেকে কেন্দ্রীয় ছাত্র দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। মিছিলটি কিছুদূর অগ্রসর হলেই পুলিশের বাধার মুখে পড়ে। এ সময় নাজমুল ও নাঈমকে আটক করা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গাংনী শহর থেকে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। তাদের মধ্যে বামুন্দীর নাশকতা মামলার এজাহারভূক্ত আসামী ছাত্রদল সভাপতি নাজমুল ও কর্মী নাঈম। তাদের উপস্থিতি টের পেয়ে সেখানে অভিযানে যায় পুলিশ। এ সময় ঐ দুইজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ১০ ফেব্রুয়ারী বামন্দী মাদ্রাসা প্রাঙ্গণ থেকে চার বিএনপি নেতা-কর্মীকে আটক করে পুলিশ। পরে তাদের বিরুদ্ধে অস্ত্র ওবিস্ফোরক আইনে গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১২,তারিখঃ১০/০২/২০২৩। ঐ মামলার এজারভূক্ত আসামী ছিলেন নাজমুল ও নাঈম বলে জানায় পুলিশ। তাদেরকে শনিবার মেহেরপুর আদালতে সোপর্দ করা হবে।