নাশকতা মামলায় সালাউদ্দিন নামের এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার(৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে মেহেরপুরের গাংনী থানার উপপরিদর্শক(এসআই) মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটিদল তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সালাউদ্দীন গাংনী উপজেলার খাসমহল গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে ও কাথুলী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক। তার বিরুদ্ধে গাংনী উপজেলা শহরে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা রয়েছে। সালাউদ্দীনকে আজ বৃহস্পতিবার সকালের দিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সালাউদ্দিনের বিরুদ্ধে গাংনী থানায় একটি নাশকতার মামলা রয়েছে। মামলাটি করেন ছাত্র নেতা সাহিদুজ্জামান শিপু। যার মামলা নং-৩৯,তারিখঃ২৯-১১-২২। তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে।
এদিকে বিএনপি সালাউদ্দীনকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু। তিনি বলেন, দেশব্যাপি বিএনপির পদযাত্রাকে নস্যাৎ করতেই মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতৃবৃন্দকে গ্রেফতার অভিযানে নেমেছেন পুলিশ। অবিলম্বে সালাউদ্দীনকে নি:শর্ত মুক্তির দাবি জানান।