আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সড়ক নিরাপত্তার প্রতিবন্ধকতা ও ডিআইইউর উদ্যোগ তুলে ধরেছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। চার দিনব্যাপী অনুষ্ঠিত শুক্রবার (১-৪ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬ তম World Conference on Injury Prevention and Safety Promotion-এ অংশ নিয়েছে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) একটি প্রতিনিধিদল।

ডিআইইউর চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
United for a Safer Future প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে বিশ্বের প্রায় ৮০টি দেশের প্রতিনিধি এবং ৫০০টিরও বেশি প্রতিষ্ঠান ও সংস্থার প্রতিনিধি অংশ নেন। সম্মেলনে বাংলাদেশের সড়ক নিরাপত্তার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং এ বিষয়ে ডিআইইউর চলমান উদ্যোগ ও কার্যক্রম তুলে ধরা হয়। ডিআইইউর প্রতিনিধিদলে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এবং সহযোগী অধ্যাপক ও প্রকল্প প্রধান বজলুর রহমান।
সম্মেলনে বিভিন্ন দেশের গবেষক, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট পেশাজীবীদের সঙ্গে বাংলাদেশের সড়ক নিরাপত্তা পরিস্থিতি, বিদ্যমান চ্যালেঞ্জ ও সম্ভাব্য করণীয় নিয়ে তারা মতবিনিময় করেন। শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরাও এতে অংশ নিয়ে আঘাত প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিতকরণে বিভিন্ন দেশের অভিজ্ঞতা এবং কার্যকর উদ্যোগ তুলে ধরেন।
আন্তর্জাতিক এই সম্মেলনে ডিআইইউর অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের সড়ক নিরাপত্তা বিষয়ে কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক পরিসরে বিনিময়ের পাশাপাশি বিভিন্ন দেশের কার্যকর উদ্যোগ ও সর্বোত্তম চর্চা সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়েছে। এ অভিজ্ঞতা ভবিষ্যতে বাংলাদেশে সড়ক নিরাপত্তা বিষয়ে গবেষণা ও কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সহায়ক হবে। রোড ক্রাশ এবং আঘাত প্রতিরোধে গবেষণা, কার্যকর আইন ও নীতি, যথাযথ প্রয়োগ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে নিরাপদ সড়ক নিশ্চিতকরণে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তার কার্যক্রম অব্যাহত রাখবে।