ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে আজ ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে। সে উপলক্ষে সকালেই ভোট কেন্দ্রগুলোতে পৌঁছেছে ব্যালট। ভোর পাঁচটার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা প্রীতম সাহা উপস্থিত থেকে ব্যালট পেপারগুলো বিতরণ করেন। এ সময় বিভিন্ন ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যালটগুলো বুঝে নেন।
পুলিশ প্রহরায় কড়া নিরাপত্তার মাধ্যমে ব্যালট পেপার নির্দিষ্ট হাব থেকে ভোট কেন্দ্রগুলোতে বিতরণ করা হয়। ইতিমধ্যে স্বচ্ছ ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জামাদি গতকাল কেন্দ্রগুলোতে পৌঁছানো হয়েছে। ভোট সুষ্ঠু ও সুশৃংখল করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার।
গাংনী উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রে ৬৫৪টি ভোট কক্ষে ভোট প্রদান করবেন ভোটাররা। নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৫৪। এ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির এক প্রার্থীসহ ৮ প্রার্থী রয়েছেন। তবে এর মধ্যে ৩ প্রার্থী ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন। ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থীর মধ্যে এক জন ঘোষনা দিয়ে সরে গেছেন, তবে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত গাংনী উপজেলা পরিষদ।