আজকের আকাশে সুপারমুনের এক প্রাকৃতিক চমক দেখা যাবে। বুধবার (৫ নভেম্বর) আকাশে উজ্জ্বল ও বড় চাঁদ, বা সুপারমুন, দেখা যাবে।
এই সময় ইউরোপের মানুষরা উদযাপন করবে বনফায়ার নাইট, ফলে আকাশে সুপারমুনের উজ্জ্বল আলো আর আগুনের আলো মিলে রাতটি হবে বিশেষ দৃষ্টিনন্দন।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, তখন পূর্ণিমার সময় সেটি স্বাভাবিকের তুলনায় বড় ও ঝলমলে দেখায়। এই অবস্থাকে বলা হয় পেরিজি। এ সময় চাঁদের দূরত্ব পৃথিবী থেকে প্রায় ২ লাখ ২০ হাজার মাইল হয়। চাঁদ যখন সবচেয়ে দূরে থাকে, তখন তাকে বলে অ্যাপোজি, যার সময় দূরত্ব প্রায় ২ লাখ ৫০ হাজার মাইল।
যদি পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর কাছে থাকে বা পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি থাকে, তখন তাকে সুপারমুন বলা হয়। এই সময় চাঁদ স্বাভাবিক পূর্ণিমার তুলনায় বড় ও উজ্জ্বল দেখায়।
নভেম্বর মাসের এই পূর্ণিমাকে বিভার মুন বলা হয়। বিভিন্ন সংস্কৃতি ও আদিবাসী সমাজ থেকে শুরু করে প্রাথমিক ইউরোপীয় বসবাসকারীরা এই নামকরণ প্রচলন করেছেন। নভেম্বরের এই সময়ে বিভারা প্রাণীরা সবচেয়ে সক্রিয় থাকে, তাদের বাঁধ তৈরি ও খাদ্য সংরক্ষণ কাজ চলমান থাকে। এই কার্যকলাপের সঙ্গে মিলিয়ে এই পূর্ণিমার নামকরণ হয়েছে।