মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্ত থেকে ৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। সোমবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলায় বুুড়িপোতা ইউনিয়নের বাজিতপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের ৬-এর বাজিতপুর সীমান্তচৌকির (বিওপি) সদস্যরা।
বিজিবি জানায়, স্বর্ণের বারগুলো বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালক লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, পিএসসি সোমবার বিকাল সাড়ে ৪টার সময় প্রেস রিলিজ দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন।
৬ বিজিবির লেঃ কর্ণেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকাল ১১ টার দিকে বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর গ্রামের মধ্যে দিয়ে স্বর্ণের একটি চালান বাংলাদেশ থেকে ভারতে পাচার হবে।
এই তথ্যের ভিত্তিতে বাজিতপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শহিদুল ইসলাম বিজিবি সদস্য নিয়ে বাজিতপুর গ্রামের বাজিতপুর-ঝাঝা সড়কের দুইজন ব্যক্তিকে সন্দেহ করে আটকের চেষ্টা করে।
এসময় বিজিবি সদস্য উপস্থিতি টের পেয়ে একজন সাইকেলযোগে পালিয়ে যায় এবং অপরজন ঘাসের মধ্যে একটি ছোট প্যাকেট ফেলে দৌড়ে মাঠের ভিতর দিয়ে গ্রামের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ফেলে যাওয়া প্যাকেটটি সংগ্রহ করে তার ভেতরে কার্বন দিয়ে মোড়ানো ও স্কচটেপ দিয়ে প্যাচানো অবস্থায় ৬০০ গ্রাম ওজনের ০৫টি স্বর্ণের বার উদ্ধার করতে সক্ষম হয়।
বিজিবির পরিচালক বলেন, এই ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।