দেশত্যাগে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে যাওয়ার সময় দর্শনা চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম. এ. খালেক।
আজ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সমন্বিত চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।
দর্শনা ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, এম এ খালেক একটি বৈধ মেডিকেল ভিসা নিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে মেহেরপুরে তাঁর বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা থাকায় এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা ঝুলতে থাকায় ইমিগ্রেশন বাধার মুখে পড়েন তিনি। পরে যাচাই-বাছাই শেষে তাকে চেকপোস্টেই পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, আটকে রাখার পর তাঁকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে এম. এ. খালেককে দর্শনা থেকে মেহেরপুরে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হবে।