মেহেরপুর কুয়াকাটা গামী যাত্রীবাহি একটি বাসে তল্লাশী করে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে এ অভিযান চালায় যৌথবাহিনী।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ২৭ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের ক্যাপ্টেন রওশনের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম মেহেরপুর পৌর কবরস্থানের সামনে যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালায়। এ সময় রয়েল এক্সপ্রেস পরিবহন যার নম্বর (ঢাকা মেট্রো ব-১৫-৩৮৬২) বাসের একটি সিটের উপর পরিত্যক্ত অবস্থায় ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেনসিডিলগুলো জব্দ দেখিয়ে সদর থানায় প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসানুল্লাহ আল বারী বলেন, জব্দকৃত ফেনসিডিল বিষয়ে সদর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে। অজ্ঞাতনামা আসামিদের নামে মামলা হলেও তদন্তের মাধ্যমে ফেনসিডিল পাচারকারীদের খুঁজে বের করার চেষ্টা করবে পুলিশ।