মেহেরপুরে সার ডিলার নিয়োগে অনিয়ম ও দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে সচেতন নাগরিক সমাজের আয়োজনে সার ডিলার নিয়োগ প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সার ডিলার নিয়োগের সঙ্গে সরাসরি প্রান্তিক কৃষকদের স্বার্থ জড়িত। তাই এই প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হলে তা পুরো কৃষি সরবরাহ ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং যোগ্য আবেদনকারীদের হতাশ করবে।
বক্তারা আরো বলেন, একাধিক প্রার্থী যোগ্য হলে সেক্ষেত্রে লটারি হতে পারে। কিন্তু কোন কিছুর তোয়াক্কা না করে আমার ক্ষমতা আছে আর আমি যা ইচ্ছা তাই করবো তা হতে পারে না। ডিলার নিয়োগে বড় অংকের লেনদেন হয়েছে এমন অনেক কথায় আমরা শুনতে পাচ্ছি। আমাদের দাবি নীতিমালা অনুযায়ী সারের ডিলার নিয়োগ দেওয়া হোক।
কতিপয় সরকারি দলের লোকের যোগসাজশে যোগ্য প্রার্থীদের বাতিল করে দলীয় একপেশে লোকদের নিয়োগ দেওয়ার যে পাঁয়তারা চলছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে সার ডিলার নিয়োগের দাবি জানাচ্ছি। নিয়োগ প্রক্রিয়া যখন গোপনে ও রাতের আঁধারে করা হয়, তখন মানুষের মধ্যে প্রশ্ন থেকে যায় এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে কি না। রাতের আঁধারে ঘরে বসে স্বৈরাচারী কায়দায় সার ডিলার নিয়োগ দেওয়ার পাঁয়তারা চলছে।
আবেদন যাচাইকরণ থেকে শুরু করে প্রাথমিক বাছাই, অগ্রাধিকার তালিকা তৈরি এবং চূড়ান্ত ডিলার নির্বাচন প্রতিটি পদক্ষেপেই শতভাগ জবাবদিহিতা, নিয়োগ প্রক্রিয়াকে অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত রাখা, আবেদনকারীদের তালিকা প্রকাশ করা এবং যাদের আবেদন বাতিল করা হয়েছে তাদের সুস্পষ্ট কারণ ব্যাখ্যা করা একই সাথে কোনো ধরনের রাজনৈতিক বা প্রভাবশালী পরিচয়ে কাউকে বিশেষ সুবিধা না দিয়ে পুরো বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবিও তোলেন তারা।
মানববন্ধনে নাগরিক সমাজের নূর রহমান, ব্যবসায়ী তাওফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।