প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা পর্যায়ে উৎপাদন হচ্ছে উচ্চমূল্যের নিরাপদ ফল, সবজি ও মসলা জাতীয় ফসল। এতে উদ্যোক্তারা যেমন স্বাবলম্বী হচ্ছেন তেমনি কৃষি অর্থনীতি হচ্ছে আরও চাঙ্গা। ভবিষ্যতে আমদানী নির্ভরতা কমিয়ে রপ্তানি বৃদ্ধি পাবে বলে আশা করেন বক্তারা।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত মূল্যায়ন ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালার বক্তারা উপরোক্ত প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্পসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের মূল্যয়ণের অংশ হিসেবে মেহেরপুর জেলার ৩টি উপজেলার কার্যক্রম মূল্যয়ন করা হয়। এসময় উপসহকারি কৃষি কর্মকর্তাদের তত্ত্বাবধানে উদ্যোক্তা পর্যায়ে বাস্তবায়িত কার্যক্রম পর্যলোচনা করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সঞ্জীব মৃধা, গাংনী উপজেলা কৃষি অফিসার মতিয়র রহমান এবং যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মনিটরিং অফিসার মাসুম আব্দুল্লাহ। উপস্থিত ছিলেন ৩ উপজেলার কৃষি কর্মকর্তা, উসহকারি কর্মকর্তা ও উদ্যোক্তাবৃন্দ।