ক্রেতাদের কাছে সার বিক্রয়ের ভাউচার না দেওয়া ও স্টকের গরমিল পাওয়ায় মেহেরপুরের দুই সার ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বামনপাড়া ও বড়বাজার এলাকায় অভিযান চালানো হয়। দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয় এক লাখ ২০ হাজার টাকা জরিমানা। সেই সাথে তাদেরকে সতর্ক করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, বামনপাড়া মেসার্স মনিরুল এন্ড ব্রাদার্স নামক বিএডিসি সার ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় ক্রেতাদের কাছে সার বিক্রয়ের ভাউচার না দেওয়া, সার বিক্রয়ের সাথে স্টকের গরমিল পাওয়া যায়। এছাড়া সার ক্রয়-বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মাসুদ পারভেজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অপরদিকে বড়বাজার এলাকায় মেসার্স গিয়াস উদ্দিন এন্ড সন্স নামক বিসিআইসি সারের ডিলার প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় চড়া দামে সার বিক্রির প্রমান পাওয়া ছাড়াও সার ক্রয় বিক্রয়ের পাকা রশিদ না রাখার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাঈদ আহম্মেদকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪০ ও ৪৫ ধারায় এক লাখ টাকা টাকা জরিমানা করা হয়।