মেহেরপুরের মুজিবনগরে একই দিনে দুর্ঘটনা ও অসুস্থতায় আপনজন হারিয়েছেন উপজেলা ছাত্রলীগের দুই শীর্ষ নেতা। ঘরের ভেতর অসাবধানতাবশত বঁটির ওপর পড়ে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে প্রাণ হারিয়েছে উপজেলা ছাত্রলীগ সভাপতির ৯ বছর বয়সী ছোট বোন। এর ঠিক এক ঘণ্টা পরেই চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের বাবা। একই দিনে দুই নেতার পরিবারে এমন আকষ্মিক ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে নিজ বাড়িতে অসাবধানতাবশত পা পিছলে একটি ধারালো বঁটির ওপর পড়ে যায় নুসরাত (০৯)। নুসরাত মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি ইমাম হোসেন ইমনের ছোট বোন এবং মহাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী ছিল। বঁটির আঘাতে সে গুরুতর জখম হলে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ শুরু হয়। দুর্ঘটনার পরেই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তিন ভাই-বোনের মধ্যে নুসরাত ছিল সবার ছোট।
এই শোকের খবরের মাঝেই এক ঘণ্টার ব্যবধানে আসে আরও একটি দুঃসংবাদ। ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সায়েম খন্দকারের বাবা। তিনি বেশ কয়েকদিন যাবত শারীরিক নানা জটিলতা নিয়ে অসুস্থতায় ভুগছিলেন।
একই দিনে উপজেলার দুই ছাত্রনেতার এমন বড় পারিবারিক বিপর্যয় ও প্রিয়জন হারানোর ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ।