মেহেরপুরের মুজিবনগরে ট্রলির ধাক্কায় ওয়াজেদ আলী (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক ওয়াজেদ মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের পুকুরপাড়ার মৃত আবুল শেখের ছেলে।
রবিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে দারিয়াপুর গ্রামের একটি সড়কে ট্রলির (ইঞ্জিনচালিত যানবাহন) ধাক্কায় নিহতের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওয়াজেদ গ্রামের মাঠে ধান মাড়াই শেষে একটি করিমন (ইঞ্জিনচালিত যানবাহন) গাড়ি চড়ে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে,বিপরীত দিক থেকে আসা ট্রলির সাথে করিম গাড়ীর ধাক্কা লাগে। ওই ধাক্কায় ওয়াজেদ গাড়ি থেকে ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর ভাবে আহত হন।
পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকিৎসক নাজমুস সাকিব জানান, তিনি মাথায় আঘাত প্রাপ্ত হয়েছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌছানোর আগেই তিনি মারা গেছেন।
মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।