মেহেরপুরের মুজিবনগরে কলা বোঝাই পিকআপ উল্টে হুমায়ুন (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সাজু (২৫) ও সাজিদুল (৩০) নামের আরও দুইজন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রামের মশিউরের ইটভাটার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত হুমায়ুন মহাজনপুর গ্রামের বাদশার ছেলে এবং আহত সাজু একই গ্রামের মৃত সদর আলী এবং সাজিদুল ফিরোজ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সামাদ আলী নামের এক ব্যক্তির নিজ মালিকানাধীন ৩ টনের একটি পিকআপ (যার নং: ঢাকা মেট্রো-ন ১৯-৭৮৩৯) নিয়ে কলা বোঝাই করে শ্রমিকদের নামানোর উদ্দেশ্যে মহাজনপুরের দিকে রওনা দেন। পথিমধ্যে কোমরপুর গ্রাম অতিক্রম করে মশিউরের ইটভাটার সামনে পৌঁছালে একটি ট্রাক্টরকে সাইড দিতে গিয়ে পিকআপটির নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এসময় পিকআপের ওপর থাকা ৫–৬ জন শ্রমিক গাড়ির নিচে চাপা পড়েন। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় হুমায়ুনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত অপর দুই শ্রমিক বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন।
এ বিষয়ে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “বিষয়টি আমরা জেনেছি। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।