জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিপ্লবী চেতনা, সাম্যবাদ ও অসাম্প্রদায়িক মানবতাবোধকে নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে সারাদেশের ন্যায় মেহেরপুরের গাংনীতেও বর্ণাঢ্য আয়োজনে নজরুল বর্ষ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকালে গাংনী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগ এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দিন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, গাংনী পৌর জামায়াতের আমির আহসানুল হক, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ফারুক হোসেন।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও সংগ্রামী চেতনা নিয়ে প্রবন্ধ পাঠ করেন কাজীপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েম পল্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, কাজীপুর ইউনিয়ন চেয়ারম্যান মু আলম হুসাইন, সমাজসেবা কর্মকর্তা আরশাদ আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম শুধু বাংলাদেশের জাতীয় কবিই নন, তিনি সাম্য, মানবতা ও বিদ্রোহের চিরন্তন প্রতীক। তাঁর সাহিত্য ও সংগীতের মধ্য দিয়ে অন্যায়, অত্যাচার ও বৈষম্যের বিরুদ্ধে মানুষের মুক্তির কথা উচ্চারিত হয়েছে। নজরুলের অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আলোচনা ও প্রবন্ধ পাঠ শেষে জাতীয় কবির গান, কবিতা ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা সংগীত, আবৃত্তি ও অন্যান্য পরিবেশনা উপস্থাপন করেন।
উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্মকে স্মরণ করে নজরুল বর্ষ সোমবার (৩১ আগস্ট) সারাদেশে একযোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে।