কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আড়াই বছর বয়সী শিশু আফিয়া নুজাইফাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে নিজ চাচির বিরুদ্ধে। বুধবার (১৮ মার্চ) দুপুর দেড়টার সময় উপজেলার দৌলতপুর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত চাচী কল্পনা খাতুনকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে দাড়ের পাড়া গ্রামে বাড়ির পাশের তৌহিদ আলীর মেহগনি বাগানে একটি গাছের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশু আফিয়া নুজাইফাকে ঝুলন্ত দেখতে পায় স্থানীয়রা। পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত শিশু আফিয়া দৌলতপুর উপজেলার দক্ষিণ দাড়ের পাড়া গ্রামের আব্দুর রহমান সরদার ও প্রিয়া খাতুন দম্পতির মেয়ে।
নিহতের মা প্রিয়া খাতুন অভিযোগ করে বলেন, তার ছোট জা (দেবরের স্ত্রী) কল্পনা খাতুন আমার মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পরে ঘটনাটি আত্মহত্যা হিসেবে দেখাতে মেহগনি গাছে ঝুলিয়ে রাখতে পারে।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত কল্পনা আক্তার (১৫) ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে বলে জানা গেছে। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত কল্পনা আক্তারকে আটক করে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।