আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইনে কার্ড প্রদানের সিদ্ধান্ত নিয়েছে ইসি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান, সময়ের অপচয় রোধ ও হয়রানি কমাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জনসংযোগ পরিচালক রুহুল আমিন বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হতো। এতে সময়ের অপচয়ের পাশাপাশি নির্বাচন কমিশনেরও উল্লেখযোগ্য ব্যয় হতো। সে কারণে এবার আগের পদ্ধতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আবেদন অনলাইনে নেওয়া হবে। এ জন্য একটি ওয়েবসাইট ডেভেলপ করা হয়েছে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজেদের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করতে পারবেন।
আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ। আবেদনকালে অফিসের প্যাডে করা আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড বাধ্যতামূলক করা হয়েছে।