মেহেরপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের নির্দেশনায় গাংনী উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ আগষ্ট) বিকালে কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে গাংনী বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব হারুনুর রশিদ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক জাফর আহমেদ, যুগ্ম আহবায়ক শাহ আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এডাম সুমনসহ বিভিন্ন অঙ্গসহযোগী সংগঠনের নেতৃত্ববৃন্দ।
এসময় পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল ইসলাম বলেন, স্বৈরাচারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ ১৭ বছর সাবেক প্রধানমন্ত্রী খালোদা জিয়াসহ সকল নেতাকর্মীকে এবং বিএনপিসহ দেশের মানুষের উপর যে অন্যায় জুলুম নির্যাতন করেছে, হত্যা করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে এবং কোন রকম যদি অস্থিতিশীল পরিবেশ তৈরী করার চেষ্টা করা হয় তবে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি দলীয় নেতা কমীদের সজাগ থাকার আহবান জানান। তিনি স্বেচ্ছাসেবক দলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন। এ সময় বিএনপি ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিগত আওয়ামী সরকারের আমলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবার জন্য দোয়া ও রুহের মাগফিরাত কামনা করা হয়।