মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে বজ্রপাতে আলী হোসেন (১৫) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলী হোসেন বাওট সোলায়মানী মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও মটমুড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী ইউনুস আলীর বড় ছেলে।

খেলা শুরু হওয়ার আগের তোলা ছবি
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের খোলা মাঠে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলো। এ সময় হঠাৎ বজ্রপাতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ বামন্দী বাজারের একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সোহেল আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আলী হোসেনসহ তার কয়েকজন বন্ধু বাড়ির পাশের খোলা মাঠে ফুটবল খেলছিল। একপর্যায়ে বৃষ্টি শুরু হয় তার মধ্যেও তারা খেলায় ব্যস্ত ছিল। এ সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় আলী হোসেন ঘটনাস্থলেই মারা যায়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, বজ্রপাতে স্কুল শিক্ষার্থী আলী হোসেন নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে যায়। আসলে এ ধরণের মৃত্যু খুবই দুঃখজনক। এসময় জেলা প্রশাসকের নির্দেশনায় নিহতের পরিবারের হাতে নগদ অর্থ প্রদান করা হয়েছে। এবছরে বৃষ্টি হলেই বজ্রপাতের ঘটনা ঘটছে। তবে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। যে কোন ঝড় বৃষ্টিতে অবশ্যই নিরাপদ আশ্রয়ে অবস্থান করা উচিৎ।