বরগুনার আমতলীতে পার্কিং করা একটি যাত্রী বিহীন বাসে অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বৃহষ্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে রাখা স্বর্ণা পরিবহনের একটি বাসে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, পটুয়াখালী-ব ১১-০০৪৬ নম্বরের বাসটি রাতে পার্কিং অবস্থায় ছিল। এ সময় দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে।
আটক ব্যক্তিরা হলেন, আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ও বৈঠাঘাটা গ্রামের আল আমিন খানের ছেলে আতাউর রহমান রাসেল (২৯), উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক পারভেজ খান (২৮), আমতলী পৌর যুবলীগ সদস্য তন্ময় গাজী (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য কাওছার আহমেদ রনি (৩৩) ও সাবেক ছাত্রলীগ কর্মী ছগির মল্লিক (২৩)।
আমতলী থানা পুলিশ সুত্রে জানাগেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অগ্নিসংযোগ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশের দাবি, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এ ঘটনার পেছনে রাজনৈতিক নাকি ব্যক্তিগত কোনো বিরোধ জড়িত আছে, তা তদন্তে বিস্তারিত জানা যাবে।