বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল কিংবা প্রতারণায় খোয়া যাওয়া টাকার সাথে একটি শুভেচ্ছা পত্র হাসি ফুটিয়েছে অভিযোগকারীদের। মেহেরপুর জেলার তিন থানায় দায়েরকৃত জিডির ভিত্তিতে ১০৭ টি মোবাইল ও ৬ লক্ষ ৭ হাজার টাকা প্রকৃত স্বত্বাধিকারীর হাতে তুলে দিল জেলা পুলিশ প্রশাসন।
গেল দুই মাসে এ সকল হারিয়ে যাওয়া মোবাইল ফোন ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতারণায় হাতিয়ে নেওয়া অর্থ পুনরুদ্ধার করেছে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। আজ বৃহষ্পতিবার সকালে পুলিশ সুপারের কার্যালয় থেকে এসব মোবাইল ও টাকা হস্তান্তর করা হয়।
পুলিশের তথ্য মতে মেহেরপুর সদর থানার ৬১টি, গাংনী থানার ১৬টি এবং মুজিবনগরের ৩০ মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এছাড়াও সদর থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির বিপরীতে ৬ লক্ষ ৭ হাজার টাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। স্বল্প সময়ে নিজেদের ফোন ফেরত পেয়ে খুশি অভিযোগকারীরা। আইনের প্রতি আস্থা রাখার জন্য পরামর্শ দিচ্ছেন তারা।
ইতিমধ্যে প্রতারক চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ধরনের পরিস্থিতিতে পুলিশের সহযোগিতা নেওয়ার আহ্বান জানালেন পুলিশ সুপার। ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।