কোন নিয়মের তোয়াক্কা না করেই মেহেরপুর সদর উপজেলা খাদ্যগুদামের কয়েক লাখ টাকা মূল্যের গাছের মোটা মোটা ডাল কেটে সরিয়ে ফেলা হয়েছে। ছুটির দিন শনিবার(৫ নভেম্বর) সকাল থেকেই বহু পুরাতন কড়ুই গাছের কাটা ডালের আনুমানিক মুল্য প্রায় লাখ টাকা। গাছের কাটা ডাল কি হবে জানেনা খাদ্যগুদামের কর্মরতরা। বিভাগীয় কর্মকর্তার মৌখিক কথায় ডাল কাটা হয়েছে বলে জানান নিরাপত্তা প্রহরী হাবিল উদ্দীন।
সরেজমিনে দেখা গেছে, শনিবার দুপুরে খাদ্যগুদামের মধ্যে থাকা একটি বড় গাছের একটি ডাল ছাড়া সব ডাল কাটা সম্পন্ন হয়েছে। গাছ কাটা শ্রমিকরা সেগুলো খন্ড খন্ড করছে। গাছ কাটা শ্রমিক বাবলু ও সেলিম জানান, নিরাপত্তা প্রহরী হাবিল উদ্দীন আমাদের দৈনিক চুক্তিতে গাছের ডাল কাটার জন্য বলেছেন। যা আনুমানিক মূল্য প্রায় লাখ টাকার মতো হবে বলে স্থানীয়রা জানান।
খাদ্যগুদামের অন্যান্য কর্মকর্তারা গাছের ডাল কাটার কথা স্বীকার করে বলেন কোন লিখিত অনুমতি না থাকলেও বিভাগীয় কর্মকর্তার নির্দেশে এগুলো কাটা হয়েছে।
মেহেরপুর সদর উপজেলা খাদ্যগুদামের ওসি আহসান কবির জানান, আমি ছুটিতে আছি। তবে গাছ না, ডাল কাটার বিষয়ে বিভাগীয় কর্মকর্তার মৌখিক নির্দেশে আমি নিরাপত্তা কর্মীদের আগছা পরিস্কারের জন্য বলেছি। কাটা ডাল কোথায় আছে আমি জানিনা ।
মেহেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামান বলেন, গাছের ডাল সম্পর্কে আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখবো।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক( বিভাগীয় কর্মকর্তা) আব্দুস সালাম বলেন, এমন কোন পত্র দিয়েছি কিনা আমার মনে নেই। বিষয়টি আমি খোঁজ নিচ্ছি।